ঘিওরে হ্যান্ডকাপসহ ২ মাদক ব্যবসায়ীর পলায়ন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৭:১২
মানিকগঞ্জের ঘিওরে পুলিশের হাতে আটক হওয়া ২ মাদক ব্যবসায়ী হ্যান্ডকাপসহ পালিয়েছে। সোমবার রাতে বড়টিয়া ইউনিয়নের বড়টিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতভর অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়েও হ্যান্ডকাপ পরা দুই আসামিকে খুঁজে পায়নি।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর থানার এসআই কবির ও নিজাম বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকা সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গাঁজাসহ আটক করেন। তাদের ২ জনের হাতে একটি হ্যান্ডকাপ পড়ানো হয়। রিকশাসহ তাদের থানায় নিয়ে যাওয়ার পথে হ্যান্ডকাপ পরা ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে রাতভর বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাদের ধরতে পারেনি পুলিশ।
 
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া ২ মাদক ব্যবসায়ীর মধ্যে আল আমিন নামে একজনের পরিচয় মিলেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ