মোংলা বন্দরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ কর্মচারী

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৯:১৪
মোংলা বন্দরের পশুর চ্যানেলে মঙ্গলবার দুপুরে কার্গো জাহাজ থেকে পড়ে মো. আসলাম (১৯) নামে এক কর্মচারী (লস্কর) নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে পুলিশ, ডুবরি ও কার্গো জাহাজের স্টাফরা অভিযান চালাচ্ছেন। 
 
মোংলা থানা পুলিশ ও কার্গো জাহাজটির মাষ্টার মো. হোসেন জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের ইঞ্জিনিয়ারিং জেটি সংলগ্ন এলাকায় অবস্থানরত এমভি আয়েশা বিবি নামের  কার্গো জাহাজ ধুয়ে-মুছে পরিষ্কার করার সময় দুপুরে নদীতে পড়ে নিখোঁজ হন ওই জাহাজের লস্কর মো. আসলাম। 
 
আসলাম বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের মো. আল আমিনের ছেলে। 
 
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, কার্গো জাহাজটির পণ্য খালাসের পর সেটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় পা ফসকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন আসলাম। নিখোঁজের সন্ধানে দুপুর থেকেই পুলিশ, ডুবরি ও কার্গো জাহাজের স্টাফরা অভিযান চালিয়ে যাচ্ছেন। 
 
ইত্তেফাক/জেডএইচ