বেনাপোলে অজ্ঞান পার্টির সদস্য আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২২:২৯
বেনাপোলে অজ্ঞান পার্টির সদস্য বোরহান শেখকে (৩৮) আটক করেছে পুলিশ। আটক বোরহান বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের রুস্তম শেখের ছেলে। মঙ্গলবার সকালে বেনাপোল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বন্দর থানা পুলিশ বোরহানকে আটক করে।
 
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনে যাত্রীবেশে ওঠে অজ্ঞান পার্টির সদস্য বোরহান। মাঝপথে তার পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে কথা বলতে বলতে সু-সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে যাত্রীর খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। পরে ওই যাত্রী খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়লে বোরহান যাত্রীর পকেট ও ব্যাগ তল্লাশি শুরু করে।
 
এ সময় পাশের সিটে বসা অন্য যাত্রীদের সন্দেহ হলে তারা বোরহানকে ধরে ফেলে। পরে বেনাপোল পৌঁছে পুলিশের হাতে তুলে দেয়।
 
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম  জানান, আটক অজ্ঞান পার্টির সদস্য বোরহানের কাছ থেকে ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু