কালিহাতীতে শিশুসহ অটোরিকসা নদীতে

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ০০:২১
টাঙ্গাইলের কালিহাতীতে একটি অটোরিকসা এক শিশুসহ ডুবে গিয়েছে লৌহজং নদীতে। এ দুর্ঘটনায় ডুবে যাওয়া শিশুটির নাম সাব্বির (৬)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আকুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। সাব্বির উপজেলার আকুয়া গ্রামের তারা মিয়ার ছেলে।
 
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, উপজেলার আকুয়া বাজারে শিশুটির বাবা তারা মিয়া অটোতে চাবি লাগিয়ে রেখে অটোতে চালের বস্তা উঠাচ্ছিলেন। এ সময় অটোতেই বসে ছিলেন শিশু সাব্বির। একপর্যায়ে অটোটির পিকআপে চাপ লাগলে শিশুসহ অটোটি পাশের লৌহজং নদীতে পড়ে যায়।
 
পরিবার এবং স্থানীয় লোকজন সাব্বিরকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়। তবে নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।
 
তিনি আরোও জানান, ঢাকার হেড কোয়ার্টারে বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে একটি টিম আসছে। আমাদের টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
 
ইত্তেফাক/নূহু