নাগরপুরে বিএনপি-জামায়াতের ৫ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৫:৪২
টাঙ্গাইলের নাগরপুরে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের সময় বিএনপি, জামায়াত ও শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরাতে মুন ব্রিকফিল্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- পাঁচরাইল গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রতন মিয়া, ছোট বাগজান গ্রামের ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল করিম লিটন, দুয়াজানী গ্রামের বিএনপি নেতা আজিজুল আজিজ, মামুদনগর গ্রামের বিএনপি নেতা মো. মজিদ মিয়া ও নাগরপুর উপজেলার মামুদনগর গ্রামের শিবির নেতা মো. শাহালম শাহীন।
 
এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাকুটিয়ার মুন ব্রিকস এ অভিযান চালায়।এ সময় সরকারবিরোধী গোপন বৈঠক করার সময় বিএনপি, জামায়াত ও শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে (মামলা নং -৪) বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছে।
 
ইত্তেফাক/বিএএফ