কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এয়াকুব আলী সবুজ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নালঘর রাস্তার মাথা সংলগ্ন ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এয়াকুব আলী সবুজ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং ছুফুয়া এলাকার আমির শার্টস গার্মেন্টসের কর্মচারী ছিলেন।
নিহতের চাচাতো ভাই খোরশেদ আলম জানান, বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন সবুজ। পথিমধ্যে নালঘর রাস্তার মাথা সংলগ্ন ইটভাটার সামনে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি হলে সবুজের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার শেষে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আমির শার্টসের ম্যানেজার একরামুল হক জানান, সড়ক দুর্ঘটনায় সবুজের মৃত্যুর খবর পেয়েছি। তিনি প্রতিষ্ঠানের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
