ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৮:৩৮
ভারতে পাচারের সময় সাতক্ষীরার আবাদেরহাট সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, মিয়ানমারের কুতুপপালং এলাকার মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫) তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাত আরা বেগম (৩) ও ছেলে মো. সাগর (১), একই এলাকার আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) এবং  বৃদ্ধা উসুন জাহান (৭৫)।
 
রোহিঙ্গা নারী নুর বেগম জানান, দুই দালালের মাধ্যামে সাতক্ষীরার আবাদেরহাট সীমান্তে আসেন তারা ভারতে যাওয়ার জন্য। দালালরা তাদেরকে কোলকাতায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। পথিমধ্যে তারা আবাদের হাট এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।
 
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা নারী ও শিশুসহ ৭ রোহিঙ্গাকে স্থানীয় জনতা আবাদেরহাট এলাকা থেকে আটক করে পুলিশে দেন। তারা দালালের মাধ্যমে ভারতে পাচার হচ্ছিল বলে ওসি আরো জানান। তবে এ সময় দালালরা পালিয়ে যাওয়ায় পুলিশ তাদের আটক করতে সক্ষম হননি।
 
ইত্তেফাক/কেকে