খাসোগির বিষয়ে সৌদির কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাজ্য

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১০:১৬
নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাসোগির বিষয়ে সৌদি আরবের কাছে দ্রুত যুক্তরাজ্য জবাব আশা করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের কাছে ফোন করে খাসোগির ‘অন্তর্ধানের’ বিষয়ে জরুরি-ভিত্তিতে উত্তর প্রত্যাশা করেছেন জানা গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘যৌথ মূল্যবোধের ওপর বন্ধুত্ব নির্ভর করে’ এমন কথা তিনি সৌদি আরবকে স্মরণ করিয়ে দিয়েছেন।
 
খাসোগিকে শেষবার গত সপ্তাহে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশ করতে দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। তাকে ওই কনসুলেটের ভেতরে খুন করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তুরস্ক। সৌদি আরব তুরস্কের আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে।
 
এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চেয়েও কঠোর অবস্থান গ্রহণ করা যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এই ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো যদি সত্যি হয় তাহলে এটিকে ‘খুব গুরুত্বের’ সঙ্গে গ্রহণ করবে যুক্তরাজ্য।
 
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খাসোগির অন্তর্ধানের বিষয়ে তিনি তখনো সৌদি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেননি। তিনি বলেছেন, আমি বলিনি, কিন্তু বলবো। এখন আমি কিছুই জানি না। সবাই যা জানে আমিও তাই জানি— অর্থাৎ কিছুই না। এদিকে তুরস্ক জানিয়েছে, তারা সৌদি আরবের ইস্তাম্বুল কনসুলেটে তল্লাশি চালাবে।
 
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তদন্তের অংশ হিসেবে ওই কনসুলেট ভবনে তল্লাশি চলতেই পারে এবং তারা সহযোগিতা করতে প্রস্তুত। সৌদি আরবের দাবি, প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই খাসোগি ওই কনসুলেট ভবন থেকে বের হয়ে যায়। অপরদিকে তুরস্ক বলেছে, খাসোগিকে ওই কনসুলেট ভবন থেকে বের হতে দেখা যায়নি।
 
সৌদি ক্রাউন প্রিন্সের কট্টর সমালোচক ৫৯ বছর বয়সী খাসোগি বছর খানেক ধরে স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। এ সময় তিনি ওয়াশিংটন পোস্টের মতামত বিভাগে লেখালেখি করেছেন। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর