উত্তর কোরিয়ার ওপর থেকে এককভাবে আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিন্তা করছে দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ও পারমাণবিক সংকট দূরীকরণের উদ্দেশ্যেই এমন পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী কাং কিয়ুং-হোয়া।
বুধবার কাং দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের বলেন যে, সরকার ২০১০ সালে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করছে।
প্রসঙ্গত, ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজে উত্তর কোরিয়ার চালানো হামলায় ৪৫ জন দক্ষিণ কোরীয় নাবিক নিহত হয়। ওই ঘটনার পর উত্তরের ওপর বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করে দক্ষিণ কোরিয়া।
কাং বলেন, এই বিষয় নিয়ে সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
দক্ষিণ কোরিয়া এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও আদতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে তা তেমন কোন কার্যকরী ভূমিকা রাখবে না। তবে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে তা নিশ্চিতভাবেই ব্যাপক প্রতীকী তাৎপর্য বহন করবে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়া তাদের সঙ্গে কোন প্রকার অর্থনৈতিক প্রকল্প চালু করতে পারবে না।
এদিকে দক্ষিণ কোরিয়ার এমন পরিকল্পনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্ত কেবল তখনই বাস্তবায়ন হবে যখন তিনি বলবেন।
তিনি বলেন, তারা(দ. কোরিয়া) আমাদের অনুমোদন ছাড়া কিছুই করবে না। তারা আমাদের অনুমোদন ছাড়া কিছুই করে না। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর
