ঝিনাইগাতীর বনগাঁও-আহমদনগর রাস্তাটি চলাচলের অযোগ্য

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৭:২৯
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও-আহমদনগর রাস্তাটি সংস্কার, সম্প্রসারণ ও পাকা করণের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ পথে যাতায়াতকারী হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও বাজার থেকে সদর ইউনিয়নের আহমদনগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার কাঁচা রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের কোমলমতি শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। এ পথে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়ে। শুষ্ক মৌসুমের মতো বর্ষা মৌসুমেও পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। 
 
এ রাস্তার দুপাশে গ্রামগুলোতে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য ঠিক সময়ে বাজারজাত করতে পারছে না কৃষকরা। উৎপাদিত কৃষি পণ্য ও গবাদী পশু নিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কৃষকদের।
 
চতল গ্রামের আব্দুল ওয়াহাব মন্ডল, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, জমশেদ আলী, মোফাজ্জল হোসেন, মোহাম্মদ আলীসহ গ্রামবাসীরা জানায়, এ রাস্তাটি পাকাকরণের দাবি ওঠে দেশ স্বাধীনের পর থেকে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া যায় জনপ্রতিনিধিদের কাছ থেকে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। ফলে এ পথে যাতায়াতকারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তাটি পাকাকরণের জন্যে উপজেলা উন্নয়ন ও সমন্নয় কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে।
 
উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, রাস্তাটি পাকাকরণের জন্যে সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই তা পাকাকরণ হবে।
 
ইত্তেফাক/নূহু