বর্তমানে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই: সাধন চন্দ্র মজুমদার এমপি

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৯:০০
নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, বর্তমান সময়ে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার কারিগরি শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেছেন। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, জীবনের সাফল্য বয়ে আনতে হলে প্রয়োজন সুশিক্ষা আর দেশপ্রেম। যে শিক্ষা অর্জনের মাঝে দেশপ্রেম নেই, মানুষের প্রতি ভালোবাসা নেই সে শিক্ষা সুশিক্ষা হতে পারে না।
 
সাপাহার কারিগরি স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার দুপুরে পাঁচ তলা ভীত বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন। ভবনটির নির্মাণ ব্যায় প্রায় ২৫ কোটি টাকা।
 
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজনসহ সর্বস্তরের জনগণ।
 
প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে আরো বলেন, তোমরা শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। এই কর্মজীবন অত্যন্ত সহজ আবার অত্যন্ত কঠিন। এই কর্ম জীবনের লক্ষ্য থাকতে হবে মানুষের সেবা করা। এই মাটি আমার মা। মাকে যেমন ভালোবাসি তেমনি আমার দেশের মাটিকেও ভালোবাসতে হবে। হৃদয়ে দেশপ্রেম থাকতে হবে। দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। তাহলে এ দেশের উন্নতি হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া এ দেশ। এ দেশের স্বাধীনতা অর্জনে বাঙালি অনেক রক্ত দিয়েছে। তাই যারা এ দেশের সঙ্গে বেঈমানী করতে চায়, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে চায় তারা মানুষ নয়। তারা সমাজের শত্রু, দেশের শত্রু। 
 
তিনি বলেন, আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ দেশের মানুষ না খেয়ে নেই, অভাবে নেই, সকলেই কর্ম করছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখা আমাদের সকলের কর্তব্য।
 
অপরদিকে সকাল ১০টায় বাংলাদেশ পানি উন্ননয়ন বোর্ড নওগাঁর আওতায় জবাই বিল এফসিডিআই প্রকল্পের মাধ্যমে ৪২ কোটি টাকা ব্যায়ে স্লুইসগেটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাধন চন্দ্র মজুমদার এমপি।
 
ইত্তেফাক/নূহু