জামালপুর জেলার ইসলামপুর যমুনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের মোরাদাবাদ অংশে আবারো ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ প্রকল্পের প্রায় ১০০ ফুট ডাম্পিং নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে এলাকবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনার ভাঙন রক্ষায় দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার সরকারি বেসরকারি স্থাপনা, হাটবাজার, রাস্তাঘাট, ব্রিজ-কার্লভাট, জনবসতভিটা, হাজার হাজার একর ফসলি জমি রক্ষার জন্য ৪৮৫ কোটি টাকা ব্যয়ে দেওয়ানগঞ্জের ফুটানী বাজার থেকে শুরু করে ইসলামপুর উলিয়া বাজার পর্যন্ত যমুনার বামতীর জিও ব্যাগে বালি ভর্তি করে ডাম্পিং করে একটি তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়। গত তিন বছর ভাঙন দেখা না দিলেও এ বছর তিন দফা বাঁধে ধস দেখা দেওয়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফেতেখার আলম বাবুল জানান, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিয়ে এলাকার ব্যাপক ক্ষতি হতে পারে।
এ ব্যাপারে জামারপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ধসে গেছে। দ্রুত ধস মেরামতের জন্য জিও ব্যাগ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
