ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, তারাকান্দায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৮:০৭
ময়নসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নবী হোসেন (৩০)।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নবী হোসেন উপজেলার হরিনাদি গ্রামে তার শ্বশুরবাড়িতে যান বিয়ের অনুষ্ঠানে। রাত ১১টার দিকে প্যান্ডেলে বৈদ্যুতিক বাতি লাগানোর সময় বিদ্যুতস্পৃষ্ট  হয়ে মারা যান। তিনি গায়রা ফুলপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র।
 
অন্যদিকে তারাকান্দা উপজেলায় বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল কাইয়ুম (৪০)। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের লাউটিয়া (চরেরভিটা ) গ্রামের আব্দুল জব্বারের পুত্র। 
 
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে কাইয়ুমের মরদেহ নলদিঘি বিলে ভাসতে দেখে। তারপর তারা পুলিশে খবর দেয়। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কাইয়ুমের পরিবারের সদস্যরা তার মৃতদেহ শনাক্ত করে।
 
নিকটাত্মীয়রা জানান, তিন বছর ধরে আব্দুল কাইয়ুম শ্রীপুরের মাওনায় গার্মেন্টসে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে মুঠোফোনে তিনি পরিবারকে জানান বাড়ির পথে রওনা হয়েছেন। তবে পুলিশ হত্যাকাণ্ডের কোনো ক্লু জানাতে পারেননি।
 
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহাবুবুল হক জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু