বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ: আতঙ্কিত হওয়ার কিছু নেই

আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৯:১০
আগামী ৪৮ ঘণ্টা বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ হতে পারে। রাশিয়া টুডে'র এমন খবরে হৈচৈ পড়েছে বিশ্বব্যাপী। তবে এমন খবরে আতঙ্কিত হতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাঝেমধ্যেই ইন্টারনেটের মান, সুরক্ষা, বাড়াতে ও সাইবার অপরাধ কমাতে মেরামতের কাজ হয়। এতে ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না।
 
ইন্ডিয়া স্কুল অব অ্যান্টি হ্যাকিং-এর ডিরেক্টর সন্দীপ সেনগুপ্ত এ প্রসঙ্গে বলেন, শাট ডাউন মানেই যে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটা নয়। আইক্যান এ রকম মেরামতির কাজ করে। তবে মেরামতির সময় তারা সব সময়ই একটা বিকল্প রাস্তা খোলা রাখে যাতে পরিষেবা পুরোপুরি ভেঙে না পড়ে।
 
তিনি আরও বলেন, ইন্টারনেটের নিরাপত্তাকে আরও মজবুত করতে ‘ক্রিপটোগ্রাফিক অ্যালগরিদম’ বদলানোর জন্যই আইক্যান এই মেরামতির কাজ করবে। কিন্তু তার মানে এই নয় যে, ৪৮ ঘণ্টা ধরে পুরো ইন্টারনেট পরিষেবাটাকেই বন্ধ করে দেওয়া হবে।
 
উল্লেখ্য, কি ডোমেন সার্ভারের মেরামতির জন্যই ইন্টারনেট ‘শাট ডাউন’ করা হবে বলে রাশিয়া টুডে-র রিপোর্টে বলা হয়েছে। দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) সার্ভারের মেরামতির কাজ করছে। আর এনিয়ে তোলপাড় শুরু হয় বিশ্ব ব্যাপী।  
 
ইত্তেফাক/এসআর