প্রতিপক্ষের অপবাদ সইতে না পেরে শুক্রবার সকালে বিষ পানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ওই গৃহবধূর নাম আসমা বেগম (৩২)। তিনি ভাণ্ডারিয়া উপজেলার মালিয়ার হাটের মাটিভাঙ্গা গ্রামের রুহুল আমীনের স্ত্রী।
নিহতের ভাই মোঃ শাহীন আকন জানান, আসমার সঙ্গে ১৫বছর পূর্বে রুহুলের বিবাহ হয়। তার দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। রুহুলের বাড়ির লোকদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। তার জের ধরে আকাচ্ছের পাহলান, আজীজ মাওলানা, ইউনুস পাহলানসহ আরো লোকজন রুহুলের স্ত্রীর সঙ্গে তার চাচা শ্বশুরের অবৈধ সম্পর্ক বলে কথা রটায়। আপন চাচা শ্বশুরের সঙ্গে অবৈধ সম্পর্কের অপবাদ সইতে না পেরে আসমা সকাল আনুমানিক নয়টার দিকে বিষপান করেন।
বিষপানের পর তাকে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশালে নেওয়ার পথে স্থানীয় বটতলা স্থানে পথিমধ্যে মারা যান আসমা।
ভাণ্ডারিয়া থানার ওসি মোঃ শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতের ভাই শাহীন বাদী হয়ে এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।
ইত্তেফাক/নূহু
