মাতামুহুরী সেতুতে ঝুঁকিপূর্ণ ফাটল

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৪৫

দুর্ঘটনার আশঙ্কা

 এম এইচ আরমান চৌধুরী, চকরিয়া

   (কক্সবাজার) সংবাদদাতা

চকরিয়ায় মাতামুহুরী সেতুর উপরিতলে মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে। অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় কাউন্সিলর মুজিবুর রহমান, মাহমুদুল্লাহ, জিয়াবুল হকসহ কয়েক জনের সাথে আলাপ করে জানা যায়, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত চলমান রেললাইন প্রকল্পের কাজে বালুভর্তি গাড়ি যখন সেতুর ওপর দিয়ে যাতায়াত করে তখন পুরো সেতু কাঁপতে থাকে। এতে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে সেতুটি। ঘটনার পর ইতোমধ্যে সেতুর মাঝখানে দেবে যাওয়া অংশে সতর্কতামূলক মিনি সাইনবোর্ড টাঙানো হয়েছে। তারপরও সেতুটি বর্তমানে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

কক্সবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের চকরিয়া উপ-বিভাগের সহকারী প্রকৌশলী আবু আহসান মো. আজিজুল মোস্তফা বলেন, এই সেতুটি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি এখন ক্রস বর্ডার ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় আছে। তাই সেতুটির ভালো-মন্দ সবকিছু দেখবেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও সেতুটির বেশ কয়েকটি স্থানে বড় ধরনের ফাটলসহ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ছয় লেনের নতুন মাতামুহুরী সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত পুরনো সেতুর উপর দিয়েই যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে। এ জন্য কোনো অবস্থাতেই ১০ টনের বেশি ভারী যানবাহন চলাচল করতে না দিতে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানাবো।

চকরিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটি কোনো অবস্থাতেই বিপর্যয়ের সম্মুখীন হতে দেওয়া উচিত হবে না। ইতোমধ্যে সেতুটির বেশ কয়েকটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে আমরা আতঙ্কিত।