নরসিংদীর পলাশে সাদেক মিয়া (৩৫) নামে এক আটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাদেক মিয়া নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের তারাইল গ্রামের মহিউদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহত পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাতে আটোরিকশাসহ সাদেক মিয়া নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে নিখোঁজ সাদেকের সন্ধান চায়। ঘটনার তিন দিন পর শুক্রবার দুপুরে ডাঙ্গার কাজৈর গ্রামের এক পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পরে নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের লোকজন এসে লাশটি সাদেকের বলে চিহ্নিত করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটোরিকশাটি ছিনাইয়ের উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/নূহু
