জাহাজের প্রতিটা নাবিকের জীবন একেকটা গল্প। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই গল্পের ধরন অনেকটা একই রকম। জাহাজ, উত্তাল সমুদ্র, নতুন নতুন দেশ, নতুন বন্দর, নানা দেশের নানা মানুষ, নানা সংস্কৃতি, নতুন নতুন বন্ধু আর সচ্ছলতা। এক জীবনে আর কি চাই। কিন্তু প্রতিটা নাবিকের জীবনে থাকে এক সুপ্ত কষ্টের গল্প। সাগরের লোনা পানির মধ্যে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয়। পরিবার, বন্ধু-বান্ধব, পরিচিত আড্ডা, খেলার মাঠ সব কিছু স্থলে ফেলে আটকে থাকতে হয় মহাসমুদ্রে। আর দীর্ঘ বিরতির কারণে পরিবার, বন্ধু-বান্ধবের সঙ্গে দূরত্বের সম্পর্ক কখনো কখনো রূপ নেয় বিচ্ছেদে।
এমনই এক নাবিকের প্রেমিকার উদ্দেশ্যে লেখা একটি চিঠি বোতল বার্তা হয়ে এদিন পৌঁছেছিল অস্ট্রেলিয়ার এক দম্পতির হাতে। চীনের ঐ নাবিকের লেখা চিঠিটি ছিল চীনা ভাষায়। অস্ট্রেলীয় ঐ দম্পতি চিঠিটি ইংরেজিতে অনুবাদ করে ফেসবুকের মাধ্যমে এর মালিককে খুঁজে বের করেন। চিঠিতে ঐ নাবিক লেখেন, ‘আমি একজন নাবিক। ভারত সাগরের উদ্দেশে যাত্রা করেছি। আমি খুবই গভীরভাবে অনুভব করছি আমার বাগদত্তাকে। আমাদের সম্পর্ক গড়ে ওঠার মাত্র কিছুদিন পরই আমাকে যেতে হচ্ছে বহুদূরের পথে, সাগরে। তাকে পেছনে ফেলে আসার জন্য খুবই দুঃখিত।
আমার সবটুকু গভীর ভালোবাসা এই বোতলে বন্দি করে তোমার উদ্দেশে সাগরে ফেলছি। আমার একমাত্র চাওয়া জিঙ এর সাথে সুন্দর ও একটা সুখী জীবন কাটাতে বাড়ি ফিরে যাওয়া।’ দুঃখের বিষয় সাগরে বসে প্রেমিকার জন্য স্বপ্নের স্বর্গ গড়তে থাকলেও বিয়ে হয়ে গেছে তার সেই প্রেমিকার। তার সেই চিঠিটা অস্ট্রেলীয় দম্পতির হাত ধরে পৌঁছে গেছে ফেসবুক দুনিয়ার লাখো মানুষের কাছে। পুরো ঘটনাটি ফেসবুকের অনেককেই নাড়া দিয়েছে।-এনডিটিভি
ইত্তেফাক/আরকেজি
