গাজায় জ্বালানী সরবরাহ বন্ধের নির্দেশ ইসরাইলের

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১২:১৩
অবরুদ্ধ গাজা উপত্যকায় তাৎক্ষণিকভাবে জ্বালানী সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল। গতকাল শুক্রবার গাজার ইসরাইল সংলগ্ন সীমান্তে সাপ্তাহিক বিক্ষোভে ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর ফিলিস্তিনিদের হামলার অভিযোগ এনে এই নির্দেশ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান। 
 
প্রসঙ্গত, গতকাল শুক্রবার ‘দ্য গ্রেট মার্চ অফ রিটার্ন’ শীর্ষক সাপ্তাহিক বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলে নিজেদের পিতৃপুরুষের ভূমিতে ফেরত যাওয়ার অধিকারের দাবিতে চলতি বছরের ৩০ মার্চ থেকে প্রতি শুক্রবার সীমান্ত সংলগ্ন অঞ্চলে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে গাজার ফিলিস্তিনি শরণার্থীরা। 
 
 লিবারম্যানের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইল এমন কোন পরিস্থিতি সহ্য করবে না যেখানে একদিকে গাজায় জ্বালানী সরবরাহ করা হবে আর অন্যদিকে ইসরাইলি সেনা ও নাগরিকদের ওপর সন্ত্রাসবাদ ও সহিংসতা চালানো হবে। 
 
গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়ন ও ইসরাইলি-ফিলিস্তিনি সংঘর্ষের তীব্রতার বৃদ্ধি প্রতিরোধ করতে, মঙ্গলবার থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে কাতারের কেনা জ্বালানী সরবরাহ শুরু হয়েছে। 
 
এ বিষয়ে গাজার সশস্ত্র রাজনৈতিক দল হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজার বৈদ্যুতিক অবস্থার আংশিক উন্নতি ঘটাতে উপত্যকাটির বিদ্যুৎ কেন্দ্রে কাতারি জ্বালানী ব্যবহৃত হবে। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর