বাসাইলে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৫:৪২
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির অভিযোগে টাঙ্গাইলের বাসাইলে বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে বাসাইল পূর্বপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জিহাদি বই, ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- বাসাইল উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক পূর্বপাড়া গ্রামের কবির খানশুর, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হালুয়াপাড়া গ্রামের রমজান আলী, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামুটিয়া গ্রামের আরিফুল ইসলাম লাভলু, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জোড়বাড়ি গ্রামের নূরুল ইসলাম, বিএনপি নেতা কাশিল গ্রামের আলম মিয়া ও বাহাতৈল গ্রামের হোসেন জামাদার।
 
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার দিকে বাসাইল পূর্বপাড়ায় উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনের বাড়িতে জামায়াত ও বিএনপির ৩০/৪০জন নেতাকর্মী গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ৯৪টি জিহাদি বই, দুইটি ধারালো অস্ত্র ও দুই ব্যাগ ইটের টুকরো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ