সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সত্য প্রকাশের দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি আশঙ্কা করছেন, এ ঘটনার সুরাহা না হলে এভাবে নিখোঁজের ঘটনা বিশ্বজুড়ে আরও বাড়বে এবং এক পর্যায়ে স্বাভাবিক বিষয়ে পরিণত হবে। বিবিসি।
ইন্দোনেশিয়ার বালিতে আইএমএফ এর সম্মেলনে গুতেরেস বলেন, ‘আমাদেরকে আগে জানতে হবে আসলে কী ঘটেছে এবং কারা এজন্য দায়ী। আমরা এ ধরনের একাধিক ঘটনা দেখছি। আমার মনে হয় এগুলো বন্ধ করতে জবাবদিহিতা নিশ্চিত করার নতুন পদ্ধতি বের করতে হবে।’
গেল ২ অক্টোবর কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এরপর থেকে নিখোঁজ হন তিনি। তুরস্ক বলছে একদিন সৌদি আরব থেকে ইস্তাম্বুল আসা সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল কনস্যুলেটের ভেতরে খাশোগিকে খুন করে থাকতে পারে।
তবে সৌদি আরব অভিযোগ অস্বীকার করে বলছে, কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেছেন খাশোগি। যদিও দাবির স্বপক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।
খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।
ইত্তেফাক/টিএস
