আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। এ উপলক্ষে আজ শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ৮দিন বন্ধ থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই সীমান্ত বাণিজ্য কার্যক্রম।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সবুর মিয়া।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আগামী ১৫-২০ অক্টোবর পর্যন্ত হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসবটি উদযাপন করবে। এ কারণে ১৩-২০ অক্টোবর পর্যন্ত ৮দিন হিলি স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ২১ অক্টোবর থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।
ইত্তেফাক/নূহু
