বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শোনপঁচা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল মান্নান এমপি। তিনি বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন না করেই চলে যান।
জানা গেছে, সারিয়াকান্দির যমুনার দুর্গম চর শোনপঁচা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা বগুড়া প্রকৌশল অধিদপ্তর। ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪ তলা ভবনটি একতলা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
শুক্রবার ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য সময় নির্ধারিত ছিল। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় ভবনটি উদ্বোধনের জন্য প্রধান অতিথি আব্দুল মান্নান এমপি শোনপঁচায় গিয়ে হাজির হন। বিকালে ভবনটি উদ্বোধন করতে গিয়ে ঘুরে ঘরে দেখছিলেন তিনি। এসময় তাঁর চোখে ভবনের বিভিন্ন ক্রুটি ধরা পড়ে। নিম্নমানের কাজ দেখে তিনি নির্বাহী প্রকৌশলীকে ভৎসনা করেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের আব্দুল মান্নান এমপি বলেন, ক্রুটিপূর্ন উপকরণ দ্বারা নির্মিত একাডেমিক ভবনটি উদ্বোধন করে আমি নিম্নমানের কাজকে জায়েজ করতে পারি না। তিনি ভবনটি উদ্বোধন না করে জনসভায় যোগদান দেন।
কর্ণিবাড়ি ইউপি চেয়ারম্যান এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজাহার আলী মণ্ডল বলেন, ভবনটি শুরু হতেই নিম্নমানের সামগ্রী দ্বারা নির্মাণ কাজ শুরু করা হয়। আমি এবং এলাকার লোকজন বারবার নিষেধ করা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রকৌশলীর জোগসাজসে ঠিকাদার নিম্নমানের কাজ করেন। নিম্নমানের বালি এবং খোয়া দ্বারা তিন দিনে ছাদ ঢালাই করা হয়েছে।
শনিবার দুপুরে এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী আলতাব হোসেনের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
ইত্তেফাক/জেডএইচ
