বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ক্যাথলিক মিশনের সম্মুখে শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী উপজেলা ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম তামিম (২১) নিহত হয়েছেন। পুলিশ বাসটি আটক করেছে। নিহত তামিমের বাড়ি উপজেলা সদরে চরগাধাতলী গ্রামে। সে ওই গ্রামের মাসুদুর রহমানের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আতিয়ার রহমান শেখ জানান, ১টার দিকে আশোকাঠী থেকে মোটরসাইকেলযোগে তামিম গৌরনদী আসছিলেন। গৌরনদী বাসস্ট্যান্ডের ক্যাথলিক মিশনের সম্মুখে এলে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহন সাইড নেওয়ার সময় তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত্যু ঘোষণা করেন।
পুলিশ বাসটিকে ধাওয়া করে বাটাজোড়ে আটক করেছে।
ইত্তেফাক/নূহু
