টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয় এক যুবকসহ বহিরাগত ৪ মাদক কারবারিকে আটক করেছে।
জানা যায়, গত মঙ্গলবার রাত সোয়া ৮টায় র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল নিয়ে সদর ইউনিয়নের ডেইলপাড়ার ওমর আব্বাসের বাড়িতে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ডেইল পাড়ার ওমর আব্বাসের পুত্র সাজেদুল ইসলাম (২১), ময়মনসিংহের বাবুখালী বাজারের মো. ইমদাদুল হকের পুত্র মো. হূদয় (১৯), কুমিল্লার বুড়িচং থানার ছয়গ্রামের তাজ উদ্দিনের পুত্র মো. রুবেল আহমেদ (২৪), গাজীপুরের টঙ্গী মিরের বাজারের তালাটিয়া গ্রামের বাদশা মিয়ার পুত্র মো. আরিফকে (২৪) গ্রেফতার করে। ধৃতদের দেহ তল্লাশি করে ১ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট ও ব্যবহূত ২টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
