মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তার স্বামী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা নেই। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অন্য কোনো নারীদের সম্পর্ক নিয়ে ভাবেন না বলেও জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে মেলানিয়া এসব মন্তব্য করেন। খবর ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টের
মেলানিয়া ট্রাম্প বলেন, তিনি তার স্বামী ট্রাম্পের সঙ্গে অন্য মেয়েদের সম্পর্ক নিয়ে চিন্তা করেন না। কারণ এর চেয়ে চিন্তা করার আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। ট্রাম্পের বিরুদ্ধে নারীদের যৌন সম্পর্কের বিষয়টি দুইজনের সম্পর্কে কোনো প্রভাব ফেলছে কিনা এমন প্রশ্নের জবাবে মেলানিয়া বলেন, বিয়ে বা সম্পর্ক নিয়ে তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। তিনি তার স্বামীকে ভালবাসেন এবং তারা দুইজনে খুব ভাল আছেন। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েল অভিযোগ করেছিলেন, তিনি ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। একই অভিযোগ করেছিলেন প্লেবয় মডেল কারেন ম্যাকডুগাল। ড্যানিয়েল ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি বইও লিখেছেন যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মেলানিয়া বলেন, আমি নারীদের সমর্থন করি, তাদের কথা শোনা উচিত। আমাদেরকে তাদের সমর্থন করা উচিত। তবে কেবল নারী নয়, পুরুষদেরও সমর্থন করি। তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ দিলে তার প্রমাণ দেওয়া উচিত।
ইত্তেফাক/আরকেজি
