বগুড়ায় ২ হাজার ৩৮০ বোতল যৌন উত্তেজক পানীয় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শহরের ফুলবাড়িতে একটি বাড়িতে কারখানা দিয়ে এসব যৌন উত্তেজক পানীয় উৎপাদনের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে,শহরের ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার আফসার আলীর ছেলে আতিক দীর্ঘদিন একটি বাড়িতে কারখানা বসিয়ে অবৈধভাবে অনুমোদনবিহীন যৌন উত্তেজক পানীয় উৎপাদন করে তা বাজারজাত করে আসছিলেন। এসব যৌন উত্তেজক পানীয়ের বিভিন্ন আকর্ষণীয় নাম ও ঢাকার ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়।
বাজারজাত করার সুবিধার্থে কার্টুনের গায়ে চায়নার তৈরি ইউনিটেক ফুড এন্ড বেভারেজ কোম্পানি, ইনজয়, জিনসা লিমিটেড ঢাকা ইত্যাদি ব্যবহার করা হয়। এ ছাড়া প্রশাসনের চোখকে ফাঁকি দিতে যৌন উত্তেজক পানীয়ের বোতলের লেবেলে নাইট পাওয়ার, তুফান, ভূমিকম্প, থ্রি-জি, ফোর-জি, চায়না বোম, ফান-২ ইত্যাদি নাম লিখা হয়।
রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আতিকের কারখানায় অভিযান পরিচালনা করে এসব যৌন উত্তেজক পানীয় উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক আতিক পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে আজিজুল হক (৩৫) ও কারখানার মালিক আতিকের স্ত্রী জেমী বেগমকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক আতিক পালিয়ে যান। অবৈধ যৌন উত্তেজক উৎপাদনের অভিযোগে আতিকসহ ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
