খাগড়াছড়ির গুইমারায় স্বেচ্ছাসেবক লীগের নেতা উচাইরী মারমা (৩৫) বিষক্রিয়ায় মারা গেছেন। তিনি বিষপানে আত্মহত্যা করেছেন না কি বিষপান করানো হয়েছে এ ব্যাপারে নিশ্চতভাবে কিছু জানা যায়নি।
শনিবার রাতে বিষক্রিয়ায় সংজ্ঞাহীন অবস্থায় স্বজনরা তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মাটিরাঙ্গা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানায়, রবিবার উচাইরী মারমার মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। উচাইরী গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এবং ডাক্তারটিলা গ্রামের মৃত মংপুইশে মারমার ছেলে এবং দুই সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দারা জানান, উচাইরী মারমা শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের ডাক্তার টিলা এলাকার একটি দোকানের অদূরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজন ও গ্রামের লোকজন উচাইরীকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে মাটিরাঙ্গা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শনিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফটিকছড়ির নাজিরহাটে তিনি মারা যান।
ইত্তেফাক/জেডএইচ
