বাগেরহাটের শরণখোলায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে রবিবার বিকেল ৪টায় মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকরা। পরে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের কাছে হস্তান্তর করেন শিক্ষক নেতারা। এছাড়া, সকালে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রায়েন্দা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহমেদ গাজী জানান, আমড়াগাছিয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেনকে ১০ অক্টোবর পিটিয়ে আহত করে কয়েকজন। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে শিক্ষক সমিতির তিন দিনের কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকালে উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শিক্ষক শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, ১২ আগস্ট শিক্ষক সরোয়ার হোসেন বাদী হয়ে তিনজনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না বলে ওসি জানান।
আমড়াগাছিয়া বিদ্যালয় সূত্রে জানা যায়, ১২ অক্টোবর বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের মেম্বার জোসেফ আকন তার সহযোগী শহিদুল ইসলাম ও শাহ্ আলম প্রধান শিক্ষক সরোয়ার হোসেনকে নলবুনিয়া কাঠেরপুল এলাকায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় ওই শিক্ষকের মোটরসাইকেল, নগদ টাকা ও সাইডব্যাগসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। পরে আহত ওই শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইত্তেফাক/নুহু
