ময়মনসিংহের শহরতলী আকুয়া এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পায়েল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পায়েল শহরের পুরোহিত পাড়ার জালাল উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সোমবার ভোরে গোয়েন্দা পুলিশের দুটি টিম শহরতলীর আকুয়া দরগাপাড়া এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় পায়েলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পায়েল পুলিশের ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ ১১টির বেশি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম হিরোইন ও ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
