খাশোগি ইস্যুতে মাঠে নামছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২১:২৪
খাশোগি নিখোঁজ রহস্য নিয়ে সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তুরস্কেও যেতে পারেন তিনি। সোমবার এক টুইট বার্তায় এ কথা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন, টুইটার।
 
ট্রাম্প বলেন, ‘এই মাত্র খাশোগি বিষয়ে সৌদি আরবের বাদশাহ’র সঙ্গে কথা বললাম। তিনি কোন কিছু জানার কথা অস্বীকার করেছেন। বাদশাহ বলেছেন, সৌদি সরকার তুর্কি সরকারের সাথে যৌথ ভাবে এ বিষয়ে কাজ করছে। আমি দ্রুত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাদশাহ কাছে পাঠাচ্ছি।’
 
অক্টোবরের ২ তারিখে কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তুরস্ক বলছে একইদিন সৌদি আরব থেকে ইস্তাম্বুল আসা সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল কনস্যুলেটের ভেতরে ঢুকে খাশোগিকে খুন করেছে।

তবে সৌদি আরব অভিযোগ অস্বীকার করে বলছে, কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেছেন খাশোগি। যদিও দাবির স্বপক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।

খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।

ইত্তেফাক/টিএস