ভারতে অভিযোগকারীর বিরুদ্ধে মামলা এম জে আকবরের

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৫৯
 
ভারতে সাবেক পত্রিকা সম্পাদক এবং বর্তমানে বিজেপি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর তার নামে যৌন হয়রানির অভিযোগ আনা এক সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছেন। প্রিয়া রামানি নামের ওই সাংবাদিক এবং আরও  কয়েকজন মহিলা অভিযোগ করেন যে আকবর পত্রিকার সম্পাদক থাকার সময় তাদের সঙ্গে আগ্রাসী যৌন আচরণ করেছিলেন। খবর বিবিসি’র
 
আকবর দি টেলিগ্রাফ এবং দ্য এশিয়ান এজ নামে দু’টি পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি অভিযোগকারীদের দাবিকে মিথ্যা এবং অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন। মামলার পর প্রিয়া রামানিও বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, মামলা করে আকবর ভীতি প্রদর্শন ও হয়রানির মাধ্যমে অভিযোগকারীদের চুপ করিয়ে দিতে চাইছেন।
 
রামানি আরো বলেন, তিনি মামলা লড়াইয়ের জন্য প্রস্তুত। এই মামলা করা ছাড়াও আকবর তার বিরুদ্ধে অভিযোগ আনা অন্য নারীদের বিরুদ্ধেও মামলা করার হুমকি দেন।
 
বিদেশ থেকে ফেরার পর আকবর বলেন, তিনি পদত্যাগ করবেন না। যৌন হয়রানির এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। গত ৮ অক্টোবর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আকবরের নাম করে তার বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ আনেন সাংবাদিক রামানি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ