জিজ্ঞাসাবাদকালে খাশোগির মৃত্যু, এমনটি মেনে নিতে পারে সৌদি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:৫৬
সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি কঠোর জিজ্ঞাসাবাদ চলাকালে মারা গেছেন, এমন কথা মেনে নেওয়ার কথা ভাবছে দেশটি। এমনভাবে জিজ্ঞাসাবাদ করাটা যে ভুল পদক্ষেপ ছিল সেটিও সৌদি মেনে নিতে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএ ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটি ওঠে এসেছে। তবে সেই প্রতিবেদন এখনও চূড়ান্ত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
 
খাসোগি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তুরস্কের একজন নারীকে বিয়ে করতে পূর্বের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কাগজপত্র নিতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেট অফিসে প্রবেশের পর তার কোনও খোঁজ মিলছে না।
 
তুরস্কের কর্মকর্তারা জানান, তাদের ধারণা তাকে হত্যা করা হয়েছে। তবে সৌদি আরব তাকে হত্যা করার কথা বরাবরই অস্বীকার করে আসছে।
 
দু’টি অনুল্লিখিত সূত্রের বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়, সৌদি আরব এমন একটি প্রতিবেদন তৈরি করছে যাতে বলা হবে, তত্ত্বাবধায়ক কর্মচারীর জিম্মায় থাকাকালে ভুল পন্থায় জিজ্ঞাসাবাদ করার ফলে খাসোগির মৃত্যু হয়েছে।
 
সিএনএনের আরেক সূত্র এ ব্যাপারে সতর্ক করে যে, প্রতিবেদনটি প্রস্তুত করা হচ্ছে এবং তা পরিবর্তন হতে পারে।
 
এ ঘটনার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন এক ব্যক্তির বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, জিজ্ঞাবাদ চলাকালে ভুল করায় খাসোগির মৃত্যু হয়েছে সৌদি আরব এমন কথা বলার কথা ভাবছে। সিএনএন এর মতো জার্নালও জানিয়েছে, সৌদি দূতাবাসের বিবৃতিটি এখনও চূড়ান্ত হয়নি।
 
খাসোগি এভাবে নিখোঁজ হওয়ায় ওয়াশিংটন ও সৌদি আরবের অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলো বেকায়দায় পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, তিনি খাসোগির নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে কথা বলেছেন। বাদশাহর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সেদেশে পাঠাচ্ছেন ট্রাম্প।
 
ইত্তেফাক/কেআই