নরসিংদীতে ২ বাড়ি ঘিরে অভিযান, গুলির শব্দ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:১৮
নরসিংদীর মাধবদী ও শেখেরচরে নব্য জেএমবির আস্তানা সন্দেহে রাত থেকে ঘিরে রাখা দুটি বাড়ির একটিতে গুলির শব্দ শোনা গেছে। সোয়াট সদস্যরা অভিযান শুরুর প্রস্তুতি নেয়ার পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শেখেরচরের ভগিরথপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানার দিক থেকে গুলির শব্দ আসে।
 
বেলা সাড়ে ১২টা পর্যন্ত কয়েক দফা গুলির শব্দ শুনতে পান দূরে অবস্থান নিয়ে থাকা সংবাদকর্মীরা। পুলিশ সকালেই বাড়ি দুটির আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়; ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। মাইকিং করে কাউকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাব সদস্যরা দুটি এলাকা ঘিরে রেখেছেন। দুই জায়গাতেই উপস্থিত রয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি ও চিকিত্সকদল। পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী ও ভগিরথপুরে পৌঁছেছেন।
 
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম সকালে নরসিংদীতে পৌঁছে সাংবাদিকদের বলেন, একাধিক জঙ্গি আছে সেবিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তাদের কাছে কী ধরনের অস্ত্র বা বিস্ফোরক থাকতে পারে সে বিষয়ে আমাদের একটি ধারণা আছে।
IMG0
ঢাকা মহানগর পুলিশের এই অতিরিক্ত কমিশনার বলেন, আশপাশের লোকজনের যাতে ক্ষতি না হয় সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সোয়াট অভিযান শুরুর আগে ‘জঙ্গিদের’ সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, যাতে তারা আত্মসমর্পণ করে।
 
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদরদপ্তরের ল ফুল ইন্টারসেপশন সেলের (এলআইসি) সদস্যরা সোমবার রাত নয়টার দিকে ওই বাড়ি দুটি ঘিরে ফেলে। পরে র্যাব তাদের সঙ্গে যোগ দেয়। মঙ্গলবার ভোরে সোয়াট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
 
এর মধ্যে মাধবদী পৌরসভার ছোট গদাইরচরের সাত তলা নিলুফা ভিলার মালিক হাজী মো. আফজাল হোসেন নামের এক ব্যক্তি। ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে বলে পুলিশের ধারণা। ভবনটির প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত রয়েছে মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা।
 
আর শেখেরচরের ভগিরথপুরের পাঁচ তলা বাড়িটির মালিক বিল্লাল হোসেন নামের এক কাপড় ব্যবসায়ী। ওই ভবনের পঞ্চম তলায় এক নারীসহ দুই জঙ্গি অবস্থান করছে বলে খবর রয়েছে পুলিশের কাছে।
IMG1
ভগিরথপুরের বাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুইশ মিটারের মধ্যে। সেখান থেকে মোটামুটি দুই কিলোমিটার দূরত্বে ছোট গদাইরচরের বাড়িটি। দুটি বাসায় এ মাসের ৭ তারিখে ভাড়া নেয়া হয়েছে বলে বাড়ির মালিকদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
 
পুলিশ কর্মকর্তারা জানান, আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পর সকালে দুই বাড়ির গ্যাস ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফায়ার ব্রিগেডের গাড়ি এনে রাখা হয় দুই বাড়ির কাছাকাছি। সকালে বোমা নিষি্ক্রয়কারী দলের সদস্যরা সেখানে উপস্থিত হন। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুন এবং নরসিংদীর সিভিল সার্জন ভগিরথপুরে আসেন।
 
পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, জঙ্গিরা ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে, পুলিশও গুলি ছুড়ছে। তবে এখনো পর্যন্ত আমরা চূড়ান্ত অভিযান শুরু করিনি। তবে কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু করা হবে।

ইত্তেফাক/এএম