সিরাজগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হল- সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার মো. আব্দুল মমিন (৪০) ও হাফিজুল ইসলাম ওরফে বাবু (৪২)।
আব্দুল হামিদ লাভলু জানান, গত বছরের ১১ অক্টোবর ভোররাতে শহরের রানীগ্রাম মহল্লার আবু বকরের স্ত্রী তাছলিমা খাতুন স্বামীর সঙ্গে ঝগড়া করে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি রানীগ্রাম ক্লোজার এলাকায় রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কোবদাসপাড়া মহল্লার মমিন, হাফিজুল ইসলাম বাবু, সাগর, রাসেল ও ফিরোজ তাকে একা পেয়ে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে কোবদাসপাড়া মহল্লায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের ১নং গেইটের পাশে সিসি ব্লকের আড়ালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। প্রায় দুই ঘণ্টা পর ধর্ষিতা তাছলিমাকে রিকশায় তুলে দিয়ে ধর্ষকরা পালিয়ে যায়। এ ঘটনায় তাছলিমা খাতুন নিজেই বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলার তদন্ত শেষে পুলিশ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। শুনানি শেষে বিচারক মমিন ও হাফিজুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বাকি ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
ইত্তেফাক/বিএএফ
