সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাঙালি: নিক্সন চৌধুরী

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই উল্লেখ করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমরা সবাই বাঙ্গালী জাতি, তথা বাঙ্গালী। আমাদের ধর্ম যার যার, উৎসব সবার। 
 
মঙ্গলবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 
 
মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, এখন সনাতন ধর্মানুসারীদের বড় উৎসব দুর্গাপূজা চলছে। এই উৎসবে শুধু সনাতন ধর্মানুসারীরাই আনন্দ উপভোগ করছেন না, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকল ধর্মাবলম্বীরাই উৎসবের আনন্দ উপভোগ করছি। 
 
এসময় উপস্থিত সনাতন ধর্মানুসারীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটা পূজা মণ্ডপে নিরাপত্তাসহ সুন্দর পরিবেশে দুর্গাপূজা যাতে সকলেই পালন করতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 
 
মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার রোহিঙ্গাদের মায়ের মমতা দিয়ে আশ্রয় প্রদান করে বিশ্ব দরবারে শান্তির প্রতীক হিসেবে পরিচিত হয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশকে বিশ্ব দরবারে শান্তি প্রিয় দেশ হিসেবে দৃষ্টান্ত করে রেখেছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে পুনরায় তাকে ক্ষমতায় আনলে এদেশে সকল ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারবে। 
 
ফরিদপুরের এই সংসদ সদস্য বলেন, গত সাড়ে চার বছর আপনাদের ভোটে নির্বাচিত এমপি হয়ে আমি সব সময় আপনাদের পাশেই থেকেছি। সত্যিকার উন্নয়ন করে ফরিদপুর-৪ আসনকে দেশের মধ্যে অন্যতম একটি আসনে রূপ দিয়েছি। কয়েকমাস পরই জাতীয় নির্বাচন। আপনারা পুনরায় আমাকে নির্বাচিত করলে আগামীতে উক্ত আসনকে দেশের মধ্যে মডেল আসন হিসেবে গড়ে তুলব।
IMG0
ব্যক্তিগত তহবিল থেকে অনুদান তুলে দেন এমপি নিক্সন চৌধুরী। ছবি: ইত্তেফাক
 
মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু জগদ্বীষ চন্দ্র মালো ও সাধারণ সম্পাদক ভাস্কর ঠাকুরের হাতে ব্যক্তিগত তহবিল হতে অনুদান তুলে দেন এমপি নিক্সন চৌধুরী। ভাঙ্গা উপজেলায় এ বছর ৯১টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল চন্দ্র মণ্ডল, ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি, আওয়ামী লীগ নেতা আশিকুজ্জামান আশিক, রাজিবুল হাসান বাবু প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ