সৌদি কনস্যুলেটে তল্লাশি করে কী পেল তুরস্ক?

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:৪৪
গেল ২ অক্টোবর সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার পর প্রথমবারের মতো সোমবার ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢোকার অনুমতি পায় তুরস্ক। প্রায় ৯ ঘণ্টা খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানোর পর মঙ্গলবার সকালে কনস্যুলেট থেকে বের হয় তুর্কি তদন্তকারীরা।
 
তল্লাশি অভিযানটি মূলত পরিচালনা করে তুরস্কের ফরেনসিক ‍পুলিশ। সোমবার রাতে কনস্যুলেটে প্রবেশের সময় পুলিশ সদস্যদের পা ছিল লম্বা গামবুটে ঢাকা, হাতে ছিল গ্লাভস।
 
বিবিসি জানিয়েছে, ভেতর থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে তুর্কি কর্মকর্তারা। সেখানে বাগানের মাটি খুড়েছেন তারা। ফরেনসিক পরীক্ষার জন্য কিছু মাটি নিয়েও আসা হয়েছে।
IMG0
তল্লাশি চলাকালে তুরস্কের ফরেনসিক পুলিশ। ছবি: টাইমস অব ইসরায়েল।
 
তুরস্কের সংবাদমাধ্যম সাবাহ জানায়,লুমিনল নামে বিশেষ এক প্রকাশ রাসায়নিক নিয়ে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার কথা তুর্কি কর্মকর্তাদের। এ রাসায়নিকটি রক্তের চিহ্ন খুজে বের করতে সক্ষম।
 
গত সপ্তাহে তুর্কি কর্মকর্তাদের কনস্যুলেটে ঢোকার অনুমতি দিয়েছিল সৌদি আরব। কিন্তু শর্ত দেয়া হয়, কেবল কনস্যুলেটের ভেতরে গিয়ে ঘুরে আসতে পারবেন তুর্কি তদন্তকারীরা। তবে এ প্রস্তাবে রাজি হয়নি তুরস্কের সরকার। তারা কনস্যুলেট কমপ্লেক্সে তন্ন তন্ন করে তল্লাশি করার দাবি জানিয়েছিল। পরে তুরস্কের এ দাবি মেনে নেয় সৌদি আরব।
 
তুরস্কের সংবাদ মাধ্যম জানিয়েছে, কনস্যুলেটের পাশাপাশি ইস্তাম্বুলে নিযুক্ত সৌদি কনসালের বাসায়ও তল্লাশি করবে তুরস্ক।
IMG1
ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট।
 
অক্টোবরের ২ তারিখে কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তুরস্ক বলছে একইদিন সৌদি আরব থেকে ইস্তাম্বুল আসা সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল কনস্যুলেটের ভেতরে ঢুকে খাশোগিকে খুন করেছে।
 
তবে সৌদি আরব অভিযোগ অস্বীকার করে বলছে, কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেছেন খাশোগি। যদিও দাবির স্বপক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।

খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।
 
ইত্তেফাক/টিএস