ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় নারী গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৪৯
শেরপুরের ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইন মামলার ২৯ ও ৩১ ধারায় রুমি আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত রুমি উপজেলার নলকুড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ভালুকা গ্রামের মরহুম সরকার খবির উদ্দিনের মেয়ে।
 
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ললিউল্লাহ নামে একটি ফেক ফেসবুক আইডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির ছবি নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা হয়। রুমি ওই ব্যঙ্গ চিত্রটি তার নিজ নামের আইডিতে শেয়ার করে। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুর রহমান বাদী হয়ে সোমবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই ভালুকা গ্রামে রুমির নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রুমিকে আদালতে সোপর্দ করে ৩ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
 
এ বিষয়ে রুমি বলেন, দলীয় প্রধানের ছবি নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় ওই আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমেন্টস করে আমি তা শেয়ার করি। কিন্তু আমার কমেন্টের লেখাটি রিমুভ করে দিয়ে শুধু শেয়ার দেখিয়ে আমার নামে মামলা দেওয়া হয়েছে।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস রুমিকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ