রেভুলুশনারি গার্ডের সদস্যসহ ইরানি নিরাপত্তা বাহিনীর ১০ জনকে অপহরণ করেছে জঙ্গিরা। মঙ্গলবার পাকিস্তান-ইরান সীমান্তে এ ঘটনা ঘটে। একটি সুন্নি বিচ্ছিন্নতাবাদী দল অপহরণের দ্বায়িত্ব স্বীকার করেছে। এনডিটিভি।
ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত বিবৃতিতে রেভুলেশনারি গার্ড জানায়, তাদের কিছু সদস্যকে সন্ত্রাসীরা অপহরণ করেছে। সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিস্তাঁ-বেলুচিস্তান প্রদেশের মিরজাবেহ শহরে এ ঘটনা ঘটে বলে জানায় বাহিনীটি।
বিবৃতিতে বলা হয়, ঠিক কতজন অপহরণ হয়েছে তা নিশ্চিত নয়। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায় সংখ্যাটি ১৪ হতে পারে। অন্যদিকে দায় স্বীকারকারী সুন্নি গ্রুপ জয়শ আল-আদেলের মুখপাত্র বলেন, ১০ জনকে অপহরণ করা হয়েছে।
আল আদেলের মুখপাত্র বলেন, ‘সিস্তাঁ-বেলুচিস্তান প্রদেশের সুন্নি মুসলিমদের ওপর ইরানের রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিশোধ নিতে ১০ জনকে অপহরণ করা হয়েছে।’
ইরানের সুন্নি সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সিস্তাঁ-বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে শিয়া-সুন্নি বিরোধ চলছে।
ইত্তেফাক/টিএস
