বগুড়ার শেরপুরে র্যাব-১২’এর সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় বাসটি জব্দ করাসহ ভারতীয় আমদানি নিষিদ্ধ ২২১বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি এলাকায় অবস্থিত হোটেল পেন্টাগনের সামনে এই তল্লাশি অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দাউদপুর ব্যাপারি পাড়া এলাকার ছবেদ আলীর ছেলে ইউনুস আলী (৩৫) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দুবরাজপুর গ্রামের দিলদার মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৭)।
ওই ঘটনায় র্যাবের ডিএডি মো. গোলাম রব্বানী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা ডিপজল এন্টারপ্রাইজের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল রয়েছে- গোপনে এমন সংবাদ পান র্যাব-১২’এর সদস্যরা। পরে ঢাকা-বগুড়া মহাসড়কের ওই স্থানে বাসটি আটকে তল্লাশি চালান র্যাব সদস্যরা। এসময় ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার মূলহোতা বাসের চালক সোহরাব হোসেন (৪৫) পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। পরে ডিপজল পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়।
আজ বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/কেকে
