তারেক রহমানের ফাঁসির দাবিতে গফরগাঁওয়ে সমাবেশ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২১:৫১
২১ আগস্ট গ্রেনেড হামলায় রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার রাতে স্থানীয় রেলওয়ে ষ্টেশন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভা ঘোষিত পথ সভাটি সন্ধ্যার পরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বিকাল থেকেই মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে থাকে রেলওয়ে ষ্টেশন চত্বরে। 
 
জনসভায় প্রধান অতিথি স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ৭১ এর ঘাতক পরাজিত শক্তি ও ২১ আগস্টের খলনায়ক ও বিএনপি-জামাত এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে।
 
পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ