ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১০:৪৫
 
জাত-ধর্মের প্রশ্ন তুলে লালনকে বহুবার ক্ষত-বিক্ষত করা হয়েছে তাঁর জীবদ্দশাতেই। তাঁকে প্রশ্ন করা হয়েছিল: তাঁর জাত কী, তাঁর ধর্ম কী। তিনি এর জবাব দিয়েছেন গানে গানে। বলেছেন, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে...।’ আসলে জাতের যে কিরূপ তিনি সেটাই সন্ধান করেছেন জীবনভর। আর এমন একটি সমাজ ব্যবস্থার কথা তিনি বলেছেন, যে সমাজে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সমানভাবে থাকবে।
 
কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাউল সম্রাট মহামতি ফকির লালন সাঁইয়ের ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী  স্মরণোত্সব। রাতে লালন আখড়াবাড়ির মূল আঙিনার সামনে মরা কালীগঙ্গা নদীর তীরে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। আলোচনা সভা শেষে স্থানীয় লালন সঙ্গীত শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় লালন গীতির আসর।
 
উৎসব উপলক্ষে সফেদ লুঙ্গি, পাঞ্জাবি আর শাড়ি পরিহিত হাজারো সাধু-বাউল-ভক্তের সমাগমে ছেঁউড়িয়া আখড়াবাড়ির চারপাশ এখন শুধু সাদা আর সাদা। আখড়াবাড়ির মূল আঙিনা ও কালীগঙ্গা নদীর তীরে ভবের হাটে বসে ভজন সাধনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। হাতে একতারা, দোতরা, খঞ্জনি, তবলা আর হারমোনিয়াম নিয়ে গলা ছেড়ে গাইছেন লালনের সব গান।
 
গতকাল পহেলা কার্তিক ভোর থেকে দেশের সব অঞ্চল তো বটেই বিদেশি সাধু-ভক্তরাও এসে প্রথমে কালীগঙ্গা নদীতে স্নান করেন। এরপর সাঁইজির মাজারে ভক্তি প্রদর্শন করেন। প্রতিবারের মতো এবারও সাধু-ভক্তরা বাল্যসেবা, পূণ্যসেবা ও অধিবাস চরম ভক্তির সঙ্গে গ্রহণ করেন। দুপুরে আখড়াবাড়ির মূল আঙিনায় পূণ্যসেবা (দুপুরের খাবার) গ্রহণের আগে সারিবদ্ধভাবে সবাই এক কাতারে বসেন। কলাপাতায় গ্রহণ করেন সাদা ভাত, ইলিশ মাছ, সবজি, ডাল আর দই।
 
এছাড়া লালন একাডেমির আয়োজনে লালনের মূল মাজারের সামনে নদীর তীরে বসেছে লালন মেলা। এতে স্থান পেয়েছে কুটির শিল্পজাত নানা সামগ্রী, লালনের প্রতিকৃতি, একতারা, গলার মালা, হস্তশিল্প পণ্যসহ হরেক রকম জিনিস।
 
প্রসঙ্গত, ১১৬ বছর বয়সে বাংলা ১২৯৭ সনের পহেলা কার্তিক, ইংরেজি ১৮৯০ সালের ১৭ অক্টোবর ফকির লালন সাঁই দেহত্যাগ করেন। সাঁইজির তিরোধানের পর থেকে ভক্ত শীষ্য বৃন্দ প্রতি বছর পহেলা কার্তিক কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেঁউড়িয়া আখড়াবাড়িতে স্মরণোত্সব পালন করেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ