তিনজনকে আসামি করে থানায় মামলা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে ধর্ষণের শিকার হয়ে স্বপ্না টপ্য (১৭) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনায় কথিত প্রেমিক রতনসহ তিনজনকে আসামি করে ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা হয়েছে।
জানা গেছে, গত ১৮ এপ্রিল মোবাইল ফোনে দেখা করতে ডাকে রতন। বিকেলে চাচাতো বোনকে সঙ্গে নিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। সেখানে রতন ও তার তিন বন্ধু মিলে রাতভর একটি নির্জনস্থানে নিয়ে স্বপ্না এবং চাচাতো বোনকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন শুক্রবার বিকেল সাড়ে ৩টায় স্বপ্না ও তার বোন বাড়ি ফিরে। বিকেল ৫টায় স্বপ্না টপ্য শয়ন ঘরে তীরের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মা সীতা কুজু বলেন, যারা মোর বুকের ধন কোনাক নষ্ট করি ফেলাইলো, তামার ঘরে বিচার চাঁও।’ এ ঘটনায় স্বপ্নার বোন পরিতা টপ্য বাদি হয়ে রতনসহ ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
