গাজা থেকে ইসরাইলে রকেট হামলা, পাল্টা জবাব ইসরাইলের

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১২:৫৩
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে বুধবার ভোরে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় একটি নগরী লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এই হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ইসরাইলি সেনা ও পুলিশ বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
 
ইসরাইলের অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি হচ্ছে প্রথম রকেট হামলার ঘটনা। এর ফলে ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপের মধ্যে চলমান উত্তেজনা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
টুইটার বার্তায় ইসরাইলি সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় ভোর চারটায় গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের বি’য়ার শেভা নগরী লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
 
এতে আরো বলা হয়, ‘আমরা ইসরাইলি নাগরিকদের রক্ষা করবো। ইসরাইলি সামরিক বাহিনী এ হামলার সমুচিত জবাব দেবে।’
 
ইসরাইলি পুলিশ জানায়, ‘মাত্র কিছুক্ষণ আগে বি’য়ার শেভা নগরীতে রকেট হামলা চালানো হয়েছে। এতে নগরীটির ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে তারা কিছু জানায়নি।’
 
আরেকটি রকেট সাগরে গিয়ে পড়ে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে।
 
হামলার জবাবে গাজায় পাজায় পাল্টা রকেট হামলা চালিয়েছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় নাজি আহমাদ আল-জামিন নামের এক ব্যক্তি নিহত হয়েছে।   -বাসস ও আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর