বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে গড়া দাসপাড়া কালি মন্দিরের পূজামণ্ডপ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:২৯
নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। রংপুরে ব্যতিক্রম সাজসজ্জা আর নজরকাড়া মণ্ডপে উৎসবে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা।
 
মঙ্গলবার সকালে রংপুর মহানগরীর কামাল কাছনা দাসপাড়া কালি মন্দিরের পূজামণ্ডপে দেখা গেছে উপচে পড়া ভিড়। দেবী দুর্গার দর্শনের সঙ্গে আগত দর্শনার্থীরা দেখছেন কৃত্রিম বঙ্গবন্ধু স্যাটেলাইট ভিন্ন আঙ্গিকে তৈরি এ মণ্ডপটি। এবার ভিন্ন আঙ্গিকে তৈরি এ মণ্ডপটি সারা ফেলেছে সবার মাঝে।দেবীর আশীর্বাদ নিতে এসে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে খুশি অনেকেই।
 
এ সময় কথা হয় শ্রীমতি চয়না রাণী, বীণা রানীসহ বেশ কয়েকজনের সঙ্গে। তারা উচ্ছ্বসিত হয়ে বলেন, বেশ ভালো লাগছে। উপভোগ করার মতো একটি বিষয়।
 
এমনই ভিন্ন আঙ্গিকে পূজামণ্ডপটি সাজানোয় পূজা উদযাপন কমিটিতেও স্বাগত জানান তারা।
 
রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য জানান, রংপুর জেলাতে ৯৪১টি পূজামণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। সবাই উৎসবের আমেজেই বৃহৎ এই দূর্গোৎসব উদযাপন করছে।
 
ইত্তেফাক/বিএএফ