কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ময়নামতি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই ইকতার মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে বিস্ফোরক আইনে বুধবার দুপুরে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় ওয়ার্ড বিএনপির সেক্রেটারি গাজী শাহআলম (৪৬) এবং একই এলাকার সুন্দর আলীর ছেলে জামায়াত নেতা মো. রুহুল আমিনকে (৪০) গ্রেপ্তার করে।
সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
