রংপুর মহানগরীর ছাত্রাবাসে নাহিদ মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ বুধবার বিকেলে মহানগরীর হনুমানতলা এলাকার আল্লাহর দান ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
এদিকে, আজ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
নিহত নাহিদ মিয়া লালমনিরহাট সদরের তালুক হারাটি গ্রামের নবিবার রহমানের ছেলে ও রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসির পরীক্ষার্থী।
পুলিশ ও ছাত্রাবাস সূত্রে জানা যায়, নিহত নাহিদ হনুমানতলা এলাকার আল্লাহর দান ছাত্রাবাসের ৬ নম্বর রুমে থাকতো। মঙ্গলবার রাতে খাবার শেষে নাহিদ তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আজ বুধবার সকালে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাকে ডাকতে থাকে। পরে নাহিদ কোনো সাড়া না দেয়ায় পুলিশকে সংবাদ দেয়া হলে মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই আল-আমিন ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ডুকে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেয়া দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
কোতয়ালী থানার ওসি রেজাউল করিম জানান, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/কেকে
