পাবনার ভাঙ্গুড়ায় এক পঙ্গু ছাত্রীর চিকিৎসা ও লেখাপড়ার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। বুধবার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার এমপি মকবুল হোসেন তার ভাঙ্গুড়াস্থ বাসভবনে প্রধানমন্ত্রীর পক্ষে এক লাখ টাকার চেক ও লেখাপড়ার ব্যয় বাবদ আরও দুই লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করেন।
ওই ছাত্রীর নাম বিলকিছ আক্তার (২১)। সে বিএ প্রথম বর্ষের ছাত্রী। পিতা আজাহার ফকির একজন ভ্যান চালক। তার বাড়ি ছাইকোলা পুর্বপাড়া গ্রামে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বিলকিছের একটি পা ভেঙ্গে যায়। চিকিৎসার অভাবে সে পঙ্গু হয় এবং তার লেখাপড়াও বন্ধ হয়ে যায়।
বিলকিছ জানান, এমপির নিকট থেকে প্রধানমন্ত্রীর ওই অনুদান পেয়ে আমি আশার আলো ফিরে পেয়েছি। এখন আমি বাঁচতে চাই এবং লেখাপড়া করে দরিদ্র বাবার মুখে হাসি ফুটাতে চাই।
একই দিন সংসদ সদস্য ভাঙ্গুড়া উপজেলার পঙ্গু ও শারীরিক প্রতিবন্ধী রমজান আলী (৪২), রফিকুল ইসলাম (৪৪) ও ছানাউল্লাহ আনছারীকে (৩৮) এক লাখ টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৩টি চেক হস্তান্তর করেন।
এ সময় ছাইকোল ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গোলাম হাফিজ রঞ্জু, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
