আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার হাতে বাংলাদেশ মানে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। উন্নয়নের এক বাংলাদেশ। শুধু উন্নয়ন নয়, সারা বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার দেশ বাংলাদেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার-উৎসব সবার। আমরা সকল ধর্মপালনের জন্য সমান সুবিধা দিচ্ছি। শেখ হাসিনা নিজেও অন্তর দিয়ে ধর্মপালন করছেন।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়িতে হিন্দু ধর্মালম্বিদের শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজার শ্রী জিউর গোপাল মন্দিরে সমবেত হিন্দুদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী আরো বলেন, আমাদের সংবিধানে যে চারটি মূলনীতি রয়েছে, সেখানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে। যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবেন। কোন বৈষম্যকে আমরা প্রশ্রয় দেই না। শেখ হাসিনা সব সময়ই ভাবেন দেশকে, দেশের মানুষকে আরো কি কি দেয়া যায়। কিভাবে দেশের উন্নয়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া যায়।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক আনার কুলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা পরিষদের চেয়ারম্যান নোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক মো. ফজলুর হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ সরকারী কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচ
