টেকনাফে নিখোঁজ ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:৫৫
কক্সবাজারের টেকনাফে ৪দিন ধরে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রশিদ (৪০)। নিহত ব্যক্তি টেকনাফের দৈংগ্যাকাটার জাফর আলমের পুত্র। তিনি হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া-স্কুলের দপ্তরী ছিলেন। বস্তাবন্দী অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় নাফনদী থেকে।
 
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে। ঊনছিপ্রাং খালের স্লুইচ গেইটের কাছ থেকে আব্দুর রশিদের লাশ উদ্ধার করা হয়। যে বস্তার মধ্যে আব্দুর রশিদের মৃতদেহ পাওয়া গিয়েছে তার গায়ে  আইওএম লোগো লাগানো আছে।
 
এদিকে স্থানীয় ও পারিবারিক সুত্রের দাবি, গত ১৪ অক্টোবর রাতে আব্দুর রশিদ নিখোঁজ হন। অপর একটি সুত্রের দাবি, আব্দুর রশিদ সহজ-সরল ও বিশ্বস্ত থাকার কারণে অনেক রোহিঙ্গা টাকা-পয়সা আমানত রেখেছিল। এসব বিষয় নিয়ে তিনি নিখোঁজ ও খুন হন বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ কেউ বলতে পারছে না।
 
আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা বলেন, স্টাফ হিসেবে তিনি খুব ভাল ছিলেন। তিনি চার সন্তানের জনক। তার এই ধরনের নির্মম মৃত্যু সত্যিই দুঃখজনক। 
 
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বলেন, রশিদ নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ খবর পেয়ে বিভিন্ন স্থানে তল্লাশী চালানো হয়। কিন্তু মুঠোফোন বন্ধ থাকার কারণে কিছুই করা সম্ভব হয়নি। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।
 
ইত্তেফাক/নূহু